মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

সকাল





একটা দীর্ঘ রাত্রী ছিলো 
অথবা তুমি ঘুমিয়ে ছিলে.....

আমি একটা অন্ধ সমুদ্র নিয়ে 
এলোমেলো কত ঝড় 
আর জলোচ্ছ্বাস নিয়ে তোলপাড় 
অথবা তুমি ঘুমিয়ে ছিলে.....

ঘুম থেকে জাগানোর পর
আমার পাখিরাও উঠেছে জেগে
ভীমপলশ্রী নয় ভৈরবী রাগে
চৌকাঠে শীতার্ত সূর্যের স্নিগ্ধ উঁকি-ঝুঁকি 

তোমাকে ঘুম থেকে জাগানোর পর
সকালের জন্ম হয়, 
আসে আনকোরা ভোর।

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

প্রেমের কিস্তি

.
তোমার থেকে ঋণ করবো উজাড় প্রেমের,
শোধ দেবো কিস্তি কিস্তি সেই শর্তে।
কিস্তি নিতে প্রতিদিনই আসবে তুমি আমার ঘরে...

প্রতিদিনই দেখা হবে, ছলচাতুরী কথা হবে,
কিছু চুম্বন ফিরিয়ে দেবো ফুল খোপাতে,
দুই-একটা দিন পালাবো তোমায় উতলা করে।

অশ্রুজলে সুদ বাড়াবে, করবো হিসাব চিবুক ছুঁয়ে,
বুকের ঋণে জড়িয়ে যাবো অষ্টেপৃষ্ঠে।
স্বপ্ন দেনায় ডুবেই যাবো তোমার প্রেমে...

বোশেখ মাসে বৃষ্টি এনে দায় মেটাবো।
রাজি আছি কিস্তি কিস্তি দুঃখ নিতে,
শীতল চোখের বিষণ্নতা উড়েই যাবে হৃদয় ওমে।

©রি হোসাইন
.
.

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ফিনিক্স



যাও-
তোমাকে অধিকার দিয়ে দিলাম
যত পারো নিঃশেষ করে দেখাও.....

আমি উড়ছি-
অনিবার্য ভস্ম কণা কিংবা প্রাসারিত ডানা
উড়াল ব্যাকরণ তোমার অজানা.....

জানতে চেও না-
নিজেকে কতটা পোড়ালে পিঠে গজায় ডানা!

আমি অবধারিত উড়ন্ত
যতই জানতে চাও
আমি একটা সমাপ্তহীন অজানা.....