যেখানেই আমি যাই
তুমি বিছিয়ে রেখেছো
পুড়ে যাওয়া রোদের ছাই।
রুক্ষ আঙুলের স্পর্শের
রূপকথাতেও এখন
শূন্যতা ছাড়া কিছু নাই।
তবুও সে পথে পথে
অবাধ্য অভিমানী পায়ে,
কেবল তোমার দিকেই ধাই।
পুড়তে পুড়তে ক্লান্ত
আমি ছাই ভস্ম হয়ে যাই
আমার ফেরার জায়গা নাই।
আপন আকাশ-বাতাসে
ধূসর এই মানচিত্রের গায়ে
আমার বসতভিটা নাই।
দুঃসহ স্মৃতির বারুদে
জ্বলে ওঠে একা একা
কোথায় ফেরার পথটি পাই।
যতদূর আমি যাই
তপ্ত পথে হেঁটে হেঁটে তবু
কেবলই তোমায় চাই।
©রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন