শনিবার, ৩০ মার্চ, ২০১৩

ঋণ



চিরন্তন ঋণ করে রেখেছি
এক ফোটা স্পর্শ কিংবা এক পশলা বৃষ্টি
চিরন্তন প্রেম এতোটাই মূল্যহীন হবে জানতোনা প্রেমিক

বৃষ্টির গন্ধ পেলে-ই নিজেকে পলাতক মনে হয়
মনে হয় পালিয়ে বেড়াচ্ছি বহুকাল
আরো পালাতে হবে
দূরে পালাতে হবে বৃষ্টির থেকে

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

তুমি- ৪৪



তোমাকে ভুলতে গিয়ে এতবার নিজেকে ভুলে ভুলে গেছি যে,
তার পর থেকে
নিজেকে জানতে গিয়ে তোমাকে-ই জেনেছি শুধু

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

সে



শুন্যতা এমন
বার বার হৃদয়ে খোঁচায়
একবার এসেছিলো যে

বহু দূর চলে গেছে
তবুও শুন্যতা রেখে গেছে সে

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

আকাশ



মাঝে মাঝে একটা খোলা আকাশ দেখে আমি চমকে তাকাই
আর তখন আমার চোখে আকাশ ঢুকে যায় গলিত পারদের মত
একটা বিশুদ্ধ আকাশ যখন আমার দৃষ্টিকে গ্রাস করে ফেলে
একটা নিখাদ শুন্যতা যখন আমার আশ্রুতে রুপান্তরিত হয়
আমি দৃশ্যত শুধু অদৃশ্য আকাশ দেশি
চমকে যাই তারপরও তাকাই
একটা নিখাদ শুন্যতা শুধু আমার আশ্রুতে রুপান্তরিত হয়

প্রেমিক- ৪৯



প্রশ্রয় পেলে আমার চুম্বন বিপ্লব ঘটিয়ে দেবে

বুধবার, ১৩ মার্চ, ২০১৩

বিপ্লবী-৪০



একবার কয়েকটা রাত জেগে থাকবো এক সাথে
এক সাথে অনুভব করবো দীর্ঘ অন্ধকার গুলো
এর পর মাত্র একটা প্রদীপ জ্বালাবো
আমি শক্তির তারতম্য দেখতে চাই

আজকাল আমি বিপ্লবী হতে চাই

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩

বিপ্লবী- ৩৯



প্রেমিক পুরুষটি বিপ্লবের খোঁজে বহু দূর চলে গেছে
আজ কোনো শিমুল ফুলের উৎসব হবে না
বসন্ত রাজপথে নেমে গেছে

হে প্রেম .........
আমাকে কি একটা বিপ্লব দেবার সাধ্য ছিলো না?

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

কালোকবিতা-৫৩



যথার্থ মানুষ বরাবর খুন হয় অথবা খুনি
এর চেয়ে ভালো হয় যাথারিতি অন্ধকার জড়ো করো তুমি
তার পর খুন হয়ে গেলে কেউ দেখবে না

শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কালো কবিতা-৫২



মানুষের রক্ত লাল !!!
আমি হলুদ রক্তের লাশ গুলো মাড়িয়ে যাচ্ছি
সম্ভ্যবত বিষাক্ত সাপের বিষের রঙ হলুদ হয়

তার আগে কে বা কাহারা আমার চশমার কাঁচে
হলুদ রঙের প্রলেপ মেখে দিয়ে দিয়েছিলো

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

কালো কবিতা- ৫১



আরো কিছুটা নির্বোধ হতে চাই
নিজের প্রতি ঘৃণা জন্মাবার আগে পর্যন্ত
যতক্ষন দুঃখ দুঃখ লাগবে আর যতক্ষন ক্রোধ থাকবে রক্তের অণুতে
যতক্ষন জয়ী হতে চাই কিংবা পরাজিত হবার ভয় তাড়া করবে
নিজেকে প্রেমিক ভাবার চেয়ে নির্বোধ হবো সেটাই ভালো
যতক্ষন না বিপ্লব ঘরে ফিরে যাবে আমি কেবল নির্বোধ হবো
আর নির্বোধ হতে থাকবো

একবার সম্পূর্ণ নির্বোধ হয়ে গেলে
একবার অনুভূতিহীন হয়ে গেলে
হয়তো স্বাধীন হবো

সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩

কালো কবিতা- ৫০



আমার পাপের পরিধি বিস্তৃত হচ্ছে জন্মের সমান্তরালে
কেবল মাত্র মৃত্যু-ই হতে পারে আমার একমাত্র পূন্য
আমি ঠিক বুঝতে পারছি না এতটুকু পূন্য আর কতটুকু আড়াল করতে পারবে
আমার জন্ম গুলো
আর তাই ভয় হচ্ছে মৃত্যুকে

আমি ইশ্বরকে দোষ দিতে-ই পারি দূষিত জন্মের দায়ে

বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৩

শামুক ঝিনুক


সবকিছু খোলসের ভিতর ঢুকে যাচ্ছে
বুকে ভর দিয়ে সহজে হাঁটা যায় 
সুরক্ষিত পিঠ হেলিয়ে দুলিয়ে
প্রত্যেকটা চেহারা এক একটা চতুর শামুক। 

হৃদয়ে পুষে রাখা মুক্তার কথা 
ভুলে গেছে বিব্রত ঝিনুক..... 

 

রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৩

তুমি-৪৩



এরকম বিব্রত দুপুর আর দেখিনি
পলাশ ফুটবার কথা ছিলো বলে কি অস্থির সূর্যোদয়
তার পরও পলাশ ফুটেনি

এরকম বিব্রত ভাবে তাকাইনি কোনো কালে
লাল শাড়ি পরে আসার কথা ছিলো বলে কি ভীষণ ঝড় উঠেছিলো
অথচ ভুল টিপ পড়েছো বিষণ্ণ কপালে

তুমি-৪২



আত্মজীবনী লিখতে গিয়ে দেখি
কাগজ জুড়ে কেবল তোমাকে-ই শুধু লেখি

শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৩

তুমি-৪১



আমার একটা বিদগ্ধ প্রেম আছে
তুমি জিতেছিলে বলে-ই তোমার একটা ইতিহাস আছে
আমি হেরেছিলাম বলে-ই তোমার একজন প্রেমিক আছে
আমার একটা বিদগ্ধ প্রেম আছে তোমার কাছে

শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

কালো কবিতা-৪৯


জন্মের ভেতরে বাস করে মানচিত্রের কংকাল
মাতৃ গর্ভের নাম নাগরিক কারখানা 

এখন আর মানুষ জন্মে না.........

মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৩

কালো কবিতা -৪৮

দূষিত আবর্জনা খেয়ে শহুরে কাকের মৃত্যু
গত রাতে বিষাক্ত খোলস ছেড়েছো তুমি?
তাহলে কি গত রাতে চাঁদ একটু বেশি-ই নগ্ন ছিলো?
অথবা, নিষিদ্ধ সূর্য উঠেছিলো সকাল হয়ে?

এতকাল আমাদের মগ্নতা খেয়ে ভালো-ই তো ছিলো

অসুখ


আমার একটা অসুখ হয়েছে
আজ কাল বুকের উপর মৃত্যু ভর করে এবং কাণ্ডজ্ঞানহীন সময়ে আসময়ে
আমার তিব্র অসুখ হয়েছে
আজ কাল ঘুম থেকে জেগে উঠার সাহস হয় না; মনে হয় জেগে উঠলেই মারা যাবো

ঘুমুতে যাবার সময় মনে হয় স্বপ্ন দেখতে দেখতে মারা যাবো
কিন্তু জানবো-ই না যে মারা গেছি

কালো কবিতা-৪৭



একবার একটা সিঁড়ি পেয়েছিলাম আকাশের উপর উঠে যাওয়ার
আর আমার দ্বিধা গুলো প্রতারিত হতে চায় নি বলে ইশ্বরহীন থেকে গিয়াছিলো
চোখ খুলে ঝলমলে আলো আমাকে বিভ্রান্ত করতে পারেনি
তুমি বিশ্বাস করো সেই সিঁড়িতে আমার কোনো পদচিহ্ন নেই
এক মাত্র তুমি ছাড়া আমার কোনো ইশ্বর নেই

আমার কালো পায়ের চিহ্ন আমি এঁকে যাই নরম মাটির ঈশ্বরের বুকে

শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৩

'ভালো আছি' বলে কথা




ক'জন পুরুষ জানে 
কালোজিরা মিহিনি করে বাটার বিদ্যা
থ্যতলানো ভাতে ভর করা বিষাদের স্বাদ 
সার্থক হয় মুসুরের ডালে
এখন তোমার হিংসে-ই হবে; 
ভালো আছি বলে কথা.....

এখনো জামার কলারে কালশিটে পরে
তারপরও নিজ হাতে ইস্ত্রি করি কেতাদুরস্ত কবিতা
মাঝে সাঝে ভুলে যাওয়া কাফলিন কটকটে সোনালী
তবু দৃষ্টি ফেরাই সোনালুর ডালে; 
ভালো আছি বলে কথা.....

সেখানে বসন্তের বাসা, 
সোনালুর কালো কালো লেজ
আমার দুঃখ মাখা তোমার অদ্ভুত সুখ
সব কিছু গোছগাছ করে রাখি,
তেমন আর এলোমেলো হই না; 
ভালো আছি বলে কথা!