সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

সমঝোতা



প্রকাশ হয়ে যাবে অন্ধকার...
আমাদের ঠোঁটে লেগে থাকা নিষিদ্ধ অসুখ—
মহামারির মতো ছড়িয়ে-ছিটিয়ে যাবে;
চলো তার আগেই লুকিয়ে ফেলি বিশুদ্ধ পাপ।
পরিপাটি নগ্নতা আমাদের গ্রাস করে নেবে,
পার্থিব নিয়মের বাইরে আড়াল খুঁজবে আলো;
মৌনতার অজুহাতে অস্তিত্ব থমকে দাঁড়াবে—
তার আগেই ভালোবেসে ফেলা ভালো।
চলো তার আগেই ভালোবেসে ফেলি...
চলো নগ্ন ইতিহাসের মুখোশ খুলে ফেলি।
©রি হোসাইন

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

বিপ্লবী- ৪৬



যখন সে জেনে গেছে আমি মৃত্যুকে জড়িয়ে ধরে ঘুমাই 
আমার যাপনকে ঘিরে চক্রান্ত করছে ইশ্বর
আর আমি কেবল স্বপ্ন দেখি একটার পর একটা 
রঙচঙা, বেগুনি, গোলাপী! 

ইশ্বর কেবল-ই আমাকে স্বপ্ন ক্লান্ত করে দেয় 
আর আমি বিপ্লবী হতে গিয়ে বারবার পথ ভুলে যাই

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

ছায়া



চলো একটা মৃত্যু খুজি 
খুজতে খুজতে এসো চলে যাই অনেক দূরে 
তার পর ভুলে যাই মৃত্যুর কথা

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

শিউলি ফুল



একদা বৃষ্টির ফোঁটায় 
যে আশ্রু মিশে গিয়েছিলো 
এই সব এলোমেলো ঘোরে 
বিশ্বাসঘাতক বাতাস
যে গন্ধটা ভুলিয়ে দিয়েছিলো

এসো নিঃশ্বাসে খুঁজে নেই
খেয়ালি শিউলি ফুল

সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

তুমি - ৪৯



যখন শব্দের ভেতর তোমাকে খুজি 
প্রতিটা শব্দ-ই সমুদ্র মনে হয় 
আর আমি অক্লান্ত তরলে ডুবন্ত নাবিক

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

কালো কবিতা- ৬৬


অযথা বৃত্ত এঁকেছিলেন ইশ্বর 
সীমানার চারপাশে কাটাতার

অভ্যস্ত হয়ে গেছি অসভ্যতায়
এই দ্যখো মানুষ হয়ে গেছি !

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

প্রেমিক-৫৪



এই কাল বসন্ত নয়; ভুল করে মাতাল হয়েছেযে হাওয়া 
প্রেমান্ধ প্রেমিক প্রেম শিখেনি 
তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় বিষাক্ত সূর্যের ধাওয়া

তোমার জন্যে অন্য কোন কবিতা লিখছে অন্য কোনো কবি

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

প্রেমিক-৫৩



কোন এক বিকেলের দিনে 
অন্তত সেদিন, শুধু মাত্র একটা দিন, আচমকা 
পথে চেয়ে থেকো; ভুলে থাকা প্রেমের 
এর পর ভুলে যেও অনন্ত অবধি

যদি প্রেমিক হতে পারি
সেইদিন বিকেলে এই প্রেম 
ধ্রুপদি হবে 

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

অসুখ



কেনো জানি আমার ঘুম আসেনা 
কিন্তু কোন অনুভূতি নেই 
কোন দুঃখ ভাসেনা ডুবন্ত অন্ধকারে 
মৈথুন ক্লান্ত মানুষের মত সুখহীন পরে থাকি
কেনো জানি আমার ঘুম আসেনা

অনেকদিন কপালে হাত রেখে তার পর মৃদু হেসে
বলো না, কই না তো; জ্বর আসেনি তো!

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

রাজনিতি-২০১৩






আমার একটা বিশুদ্ধ বিকাল আর আরামদায়ক অন্ধকার ছিলো 
আমার একটা তীব্র কবিতা লেখার কথা ছিলো.....

নষ্ট সূর্যের গা থেকে বীভৎস সুগন্ধি ভেসে আসে 
আমি ক্লান্ত! 
আমি ক্লান্ত! 
এই বিভক্ত নিঃশ্বাসে!

শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

কালো কবিতা- ৬৫



মৃত্যু আমার বুকের উপর শুয়ে ছিলো কিছুক্ষণ
তরতাজা রক্তের ঘ্রান বেদনা কাতর
আরো বেশী কাতর সোডিয়াম অন্ধকার

মুক্তি পেয়েছিলো; অচেনা যুবক চোর
আমার চার পাশ ঘিরে ওড়াউড়ি করে
মৃত্যুর চেয়েও কালো; এক মহৎ অন্ধকার

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে।




একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
আমি সারাদিন খুঁজেছি
একবার বৃষ্টিতে ভিজে,
একবার বিপ্লবী মিছিলে
খুঁজেছি কদম তলার উজানে
টিয়া পাখি উড়ে গেছে সেখানেও

মাছের বাজারে খুঁজেছি তোমায়
কাঁচা মাছের গন্ধ এখনো লেগে আছে গায়

কালো পাড়ার চোরা গলি তন্ন তন্ন করে
বুড়িগঙ্গার ঘোলা জলে তীক্ষ্ণ দৃষ্টি মেলে
৩২ তলা সিঁড়ি বেয়ে অফিসের ছাদে
শ্বাসকষ্টের রাতে, বকুল ফুলের ঘ্রাণে
মধুমতি সিনেমা হলে, ৮ নম্বর যাত্রাবাড়ীর লোকালে
গাড়ির রিয়ার ভিউ মিররে
শহর ছেড়ে গ্রামে; মদিনাদের উঠানে
বড় নও পাড়া পদ্মার পাড়ে-
তোমাকে খুঁজেছি একবার, বারবার... 
এমন অযুত নিযুত বারেও
কোথাও ছিলে না তুমি- কোথাও না।

একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
সেদিন কবিতাশূন্য হয়েছিল পৃথিবী
কোনো কবিতা লেখা হয় নাই.....  
সেদিন... কবিতা লিখতে পারে নাই কোনো কবি

বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

প্রেমিক-৫২



এলোমেলো প্রেম ছিটিয়ে প্রতারক সূর্যটা দুপুর ডেকে আনে

আমার আহত ক্ষুধা বিব্রত উত্তাপ খেতে চায়
ফিরে আসা সন্ধ্যার সুখ তোমাতেই পরাজিত হয়
প্রতিবার প্রেয়সী আমার; অন্ধকার বর দিয়ে যায়
যতবার সূর্যটা প্রতারণা করে যায়

প্রেমিক-৫১



এই রাত শেষ রাত বিশুদ্ধ প্রেমের মত!!! 

নষ্ট চাঁদের খোঁজে আজন্ম আঁধার আমার 
দূষিত গোলাপ দিয়ে অভিসার সাজিয়েছো 
সব কিছু শেষ হয়ে গেলো; সূর্যটা লজ্জিত!

সোমবার, ১২ আগস্ট, ২০১৩

চক্রান্তি



সারাদিন সূর্যের বিরুদ্ধে চক্রান্ত করি 
দুপুর গুলো প্রবল প্রতিপক্ষ 
বিকেলের জয় তোমাকে উৎসর্গ করে 
উদযাপন করি সন্ধ্যা বেলা 

অন্ধকারগুলো আমাকে স্বপ্ন দেখায় ! 
সেই স্বপ্ন দেখায় !!!

অভিসার



একটা নির্লজ্জ আকাশ আমার দিকে চেয়ে থাকে 
বীভৎস সূর্যের চোখ গুলো তীব্র দুপুর 
সব কিছু সয়ে গেছে সেই কবে থেকে 
নির্ভীক লাল চোখ 

আর যদি এসেই গেছো অন্ধকার জড়িয়ে 
একমুঠো তারা ছড়িয়ে ছিটিয়ে দেবো ভালোবেসে !
জানি তবু নির্লজ্জের মত সূর্য হয়ে যাবে.........

শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

সব কিছু নেহায়েত ব্যর্থ নয়



যে কাদামাটি পাথর হয়ে গেছে
কোথাও বা পোড়া ইট
অথচ আশ্চর্য শীতল

সব কিছু নেহায়েত ব্যর্থ নয়
রুগ্ন আঙ্গুলের ভাঁজে একটানা উত্তাপ
হয়তোবা স্বপ্নও লিখতে জানে


বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

ঝরা ডাল পালা



ঝরা ডাল পালা শোকের শক্তি খুজে

মেঘ ছুয়ে যাওয়া প্রেম বিসর্জন দিয়ে
উড়ে চলা যুবক এই বার ঝড় হয়ে যাবে

ঝরা ডাল পালা শুধু শোকের শক্তি খুজে!!!
সে কি আর আগুনের ইতিহাস জানে ???

শনিবার, ২০ জুলাই, ২০১৩

বিপ্লবী- ৪৫



আমি খুব বোধগম্য মানুষ
সবাই খুব সহজেই আমাকে বুঝে ফেলে
আমাকে কথাও বলতে হয় না
এমন কি হাতও নাড়ি না
আমার চোখ খুব-ই সাস্থ্যবান কিনা জানি না
সেটাও কোনো প্রভাব ফেলেনা
সবাই সব কিছু বুঝে ফেলে

আর তাই আমি হাটতে পারিনা
আমার পদক্ষেপের আগেই সবাই সরে পরে
কোনো কিছু মাড়িয়ে দিতে পারিনা
সবাই সব কিছু বুঝে ফেলে

ইচ্ছে হয় বিপ্লবী হয়ে যাই
সব কিছু মাড়িয়ে পেছনে চলে যাই

রবিবার, ৭ জুলাই, ২০১৩

কালো কবিতা- ৬৪



আমার খুব সুন্দর একটা অন্ধকার আছে
এবং সম্পূর্ণ গৃহপালিত, এক দম বন্য নয়
জোনাকিরা অভয়ারণ্য মনে করে
সেখানে স্বপ্ন দেখা যায়, চিৎকার করা যায়

আমার সবটুকু স্বাধীনতা ওখানে সঞ্চিত আছে