বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪

কালো কবিতা-৬৯



আমার পরিচয় দিতে গিয়ে আমি কেমন জানি ধাক্কা খাই বারবার
আমি ঠিক যা যা বলি
কেনো জানি মনে হয় সব শেখানো বুলি 
তারপর এতি উতি খুঁজি; 
এতি উতি কি জানি খুঁজি 


একদিন আমি আমার আত্মার সাথে দেখা করতে যাবো
এক দিন আমি আমার খোজ নেবো; ভালো মন্দ কুশল জেনে নেবো

শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

একা নও তুমি



একা নও তুমি এই হেরে যাওয়া পথে,
যেখানে সময় থমকে দাঁড়ায় এসে;
অনেক লড়াই বাকি আছে জেনো আজও—
রাতের পরেই নতুন সূর্য হাসে।
আঁধার ফুঁড়ে যে পথ গিয়েছে দূরে,
সে পথেই হবে যে স্বপ্নের পথচলা;
বুকের ভেতর জমানো যতটা জেদ—
আরও আছে কিছু না-বলা কথা বলা।
রক্তে মিশুক হার-না-মানার গান,
পায়ের নিচে শক্ত থাকুক মাটি;
ঘোর কালো রাত কাটবেই একদিন—
ধৈর্যই হোক বিজয়ের পরিপাটি।
আকাশে-বাতাসে মেলে দাও আজ ডানা,
শিকল ছিঁড়ে হোক অবাধ্য পথ;
পাহাড় সমান বাধা আসুক না কেন—
ছুটবে অদম্য আগামীর জয়রথ।
মুছে ফেলো সব পরাজয় ইতিহাস,
ক্ষতগুলো হোক এগিয়ে যাওয়ার বল;
তুফানের পরে শান্ত নদীতে যেমন—
শাপলা ফোটে আর টলমল করে জল।
শেষ নেই কোনো, এ শুধু পথের শুরু,
দিগন্তরেখা ডাকছে তোমায় দূরে;
নিজেকে পুরোটা বুঝে নাও বিপ্লবে—
বিজয়ের গান বাজুক বুকের সুরে।
আমাকেও পাবে এ লড়াই যত দূরে,
হাতে হাত আর বুক মিলিয়ে বুকে;
ডাকছি তোমায় কাছে এসো বিপ্লবী—
ইতিহাস হবো আগুনের গান লিখে।
©রি হোসাইন

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

জোনাকির বাসা



নষ্ট আলোর নেশায়
পথ হারানো জোনাকির দল 
এক খণ্ড চাঁদ খুঁজে পেয়েছিলো 

একরাত বিদিশায়
দিশেহারা পরাজয় গুলো জেনে গেলো
নির্লিপ্ত আলো থেকে কালো-ই ভালো

আজকাল বিষণ্ণ অন্ধকার ঘেরা থাকে
জোনাকির বাসা গুলো

জোঁক





যদি পাপ হয় হোক 
আমি হয়ে যাবো জোঁক.....
চুমুকে চুমুকে খেয়ে যাবো তোমায়
জাপ্টে জড়িয়ে আমৃত্যু
ছুঁয়ে যাবো তোমায়.....

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

পুড়ে যাওয়া রোদের ছাই


যেখানেই আমি যাই
তুমি বিছিয়ে রেখেছো
পুড়ে যাওয়া রোদের ছাই।

রুক্ষ আঙুলের স্পর্শের
রূপকথাতেও এখন
শূন্যতা ছাড়া কিছু নাই।

তবুও সে পথে পথে
অবাধ্য অভিমানী পায়ে,
কেবল তোমার দিকেই ধাই।

পুড়তে পুড়তে ক্লান্ত
আমি ছাই ভস্ম হয়ে যাই
আমার ফেরার জায়গা নাই।

আপন আকাশ-বাতাসে
ধূসর এই মানচিত্রের গায়ে
আমার বসতভিটা নাই।

দুঃসহ স্মৃতির বারুদে
জ্বলে ওঠে একা একা
কোথায় ফেরার পথটি পাই।

যতদূর আমি যাই
তপ্ত পথে হেঁটে হেঁটে তবু
কেবলই তোমায় চাই।

©রি হোসাইন

প্রেমিক-৫৫


এমন প্রখর দিব্যদৃষ্টি দিয়ে তুমি সব কিছু দেখে ফেলো 
তোমাকে নির্বোধ অনুসরণ ছাড়া আমি অন্ধ হয়ে যাই 
তোমাকে ঈশ্বরী সাজাই এই ভেবে ইশ্বর হয়ে যাই 

যাযাবর প্রেমিক সংসারী হয়ে গিয়ে দেখি 
আমার কোথাও যাওয়ার নাই ......

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

সমঝোতা



প্রকাশ হয়ে যাবে অন্ধকার...
আমাদের ঠোঁটে লেগে থাকা নিষিদ্ধ অসুখ—
মহামারির মতো ছড়িয়ে-ছিটিয়ে যাবে;
চলো তার আগেই লুকিয়ে ফেলি বিশুদ্ধ পাপ।
পরিপাটি নগ্নতা আমাদের গ্রাস করে নেবে,
পার্থিব নিয়মের বাইরে আড়াল খুঁজবে আলো;
মৌনতার অজুহাতে অস্তিত্ব থমকে দাঁড়াবে—
তার আগেই ভালোবেসে ফেলা ভালো।
চলো তার আগেই ভালোবেসে ফেলি...
চলো নগ্ন ইতিহাসের মুখোশ খুলে ফেলি।
©রি হোসাইন

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

বিপ্লবী- ৪৬



যখন সে জেনে গেছে আমি মৃত্যুকে জড়িয়ে ধরে ঘুমাই 
আমার যাপনকে ঘিরে চক্রান্ত করছে ইশ্বর
আর আমি কেবল স্বপ্ন দেখি একটার পর একটা 
রঙচঙা, বেগুনি, গোলাপী! 

ইশ্বর কেবল-ই আমাকে স্বপ্ন ক্লান্ত করে দেয় 
আর আমি বিপ্লবী হতে গিয়ে বারবার পথ ভুলে যাই

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

ছায়া



চলো একটা মৃত্যু খুজি 
খুজতে খুজতে এসো চলে যাই অনেক দূরে 
তার পর ভুলে যাই মৃত্যুর কথা

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

শিউলি ফুল



একদা বৃষ্টির ফোঁটায় 
যে আশ্রু মিশে গিয়েছিলো 
এই সব এলোমেলো ঘোরে 
বিশ্বাসঘাতক বাতাস
যে গন্ধটা ভুলিয়ে দিয়েছিলো

এসো নিঃশ্বাসে খুঁজে নেই
খেয়ালি শিউলি ফুল

সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

তুমি - ৪৯



যখন শব্দের ভেতর তোমাকে খুজি 
প্রতিটা শব্দ-ই সমুদ্র মনে হয় 
আর আমি অক্লান্ত তরলে ডুবন্ত নাবিক

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

কালো কবিতা- ৬৬


অযথা বৃত্ত এঁকেছিলেন ইশ্বর 
সীমানার চারপাশে কাটাতার

অভ্যস্ত হয়ে গেছি অসভ্যতায়
এই দ্যখো মানুষ হয়ে গেছি !

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

প্রেমিক-৫৪



এই কাল বসন্ত নয়; ভুল করে মাতাল হয়েছেযে হাওয়া 
প্রেমান্ধ প্রেমিক প্রেম শিখেনি 
তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় বিষাক্ত সূর্যের ধাওয়া

তোমার জন্যে অন্য কোন কবিতা লিখছে অন্য কোনো কবি

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

প্রেমিক-৫৩



কোন এক বিকেলের দিনে 
অন্তত সেদিন, শুধু মাত্র একটা দিন, আচমকা 
পথে চেয়ে থেকো; ভুলে থাকা প্রেমের 
এর পর ভুলে যেও অনন্ত অবধি

যদি প্রেমিক হতে পারি
সেইদিন বিকেলে এই প্রেম 
ধ্রুপদি হবে 

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

অসুখ



কেনো জানি আমার ঘুম আসেনা 
কিন্তু কোন অনুভূতি নেই 
কোন দুঃখ ভাসেনা ডুবন্ত অন্ধকারে 
মৈথুন ক্লান্ত মানুষের মত সুখহীন পরে থাকি
কেনো জানি আমার ঘুম আসেনা

অনেকদিন কপালে হাত রেখে তার পর মৃদু হেসে
বলো না, কই না তো; জ্বর আসেনি তো!

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

রাজনিতি-২০১৩






আমার একটা বিশুদ্ধ বিকাল আর আরামদায়ক অন্ধকার ছিলো 
আমার একটা তীব্র কবিতা লেখার কথা ছিলো.....

নষ্ট সূর্যের গা থেকে বীভৎস সুগন্ধি ভেসে আসে 
আমি ক্লান্ত! 
আমি ক্লান্ত! 
এই বিভক্ত নিঃশ্বাসে!

শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

কালো কবিতা- ৬৫



মৃত্যু আমার বুকের উপর শুয়ে ছিলো কিছুক্ষণ
তরতাজা রক্তের ঘ্রান বেদনা কাতর
আরো বেশী কাতর সোডিয়াম অন্ধকার

মুক্তি পেয়েছিলো; অচেনা যুবক চোর
আমার চার পাশ ঘিরে ওড়াউড়ি করে
মৃত্যুর চেয়েও কালো; এক মহৎ অন্ধকার

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে।




একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
আমি সারাদিন খুঁজেছি
একবার বৃষ্টিতে ভিজে,
একবার বিপ্লবী মিছিলে
খুঁজেছি কদম তলার উজানে
টিয়া পাখি উড়ে গেছে সেখানেও

মাছের বাজারে খুঁজেছি তোমায়
কাঁচা মাছের গন্ধ এখনো লেগে আছে গায়

কালো পাড়ার চোরা গলি তন্ন তন্ন করে
বুড়িগঙ্গার ঘোলা জলে তীক্ষ্ণ দৃষ্টি মেলে
৩২ তলা সিঁড়ি বেয়ে অফিসের ছাদে
শ্বাসকষ্টের রাতে, বকুল ফুলের ঘ্রাণে
মধুমতি সিনেমা হলে, ৮ নম্বর যাত্রাবাড়ীর লোকালে
গাড়ির রিয়ার ভিউ মিররে
শহর ছেড়ে গ্রামে; মদিনাদের উঠানে
বড় নও পাড়া পদ্মার পাড়ে-
তোমাকে খুঁজেছি একবার, বারবার... 
এমন অযুত নিযুত বারেও
কোথাও ছিলে না তুমি- কোথাও না।

একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
সেদিন কবিতাশূন্য হয়েছিল পৃথিবী
কোনো কবিতা লেখা হয় নাই.....  
সেদিন... কবিতা লিখতে পারে নাই কোনো কবি

বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

প্রেমিক-৫২



এলোমেলো প্রেম ছিটিয়ে প্রতারক সূর্যটা দুপুর ডেকে আনে

আমার আহত ক্ষুধা বিব্রত উত্তাপ খেতে চায়
ফিরে আসা সন্ধ্যার সুখ তোমাতেই পরাজিত হয়
প্রতিবার প্রেয়সী আমার; অন্ধকার বর দিয়ে যায়
যতবার সূর্যটা প্রতারণা করে যায়

প্রেমিক-৫১



এই রাত শেষ রাত বিশুদ্ধ প্রেমের মত!!! 

নষ্ট চাঁদের খোঁজে আজন্ম আঁধার আমার 
দূষিত গোলাপ দিয়ে অভিসার সাজিয়েছো 
সব কিছু শেষ হয়ে গেলো; সূর্যটা লজ্জিত!