সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

আমাদের দেখা হয়নি



আমাদের দেখা হয়নি এখনো,
একসাথে যুদ্ধে যাবার কথা ছিল;
অথচ, তুমি একাই যুদ্ধে গেলে আমারই প্রতিপক্ষ হয়ে।
তবুও আমাদের দেখা হয়নি এখনো,
কেননা আমি যুদ্ধে যাইনি।
একটি কালো বিড়াল আমার পথ আগলে রেখেছিল,
টিয়াপাখির আন্দোলনের মুখে পড়ে
আমি প্রত্যাহার করে নিয়েছি আমার অস্ত্র।
আমাকে দলে ভিড়িয়ে নিয়েছে শিশুকাঠের গাছেরা—
রোদেও যাদের ছায়া পড়ে ঝিরিঝিরি বৃষ্টির মতো।
সেখানে বাতাসের শব্দে কোনো হাহাকার নেই,
আছে কেবল রোদ, বাতাস আর পাতাদের আজন্মের মিতালি।
আমি এখন মাছেদের দলে, আমাদের যুদ্ধে যেতে হয় না...
তারপরও আমরা হত্যাযোগ্য...
যেহেতু তোমার সাথে দেখা হয়নি এখনো, তাই
তুমি আমাকে হত্যা করতে পারোনি।
আমাকে হত্যার জন্য বানাচ্ছ ভারী ভারী সব
ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এমনকি পারমাণবিক বোমা;
অথচ আমি বুনছি এক আকাশ নীল স্বপ্নের জাল।
তোমার সাথে দেখা হলে আমি তোমাকে পাখিদের বার্তা দেবো,
তোমাকে নিয়ে বুনো হাঁসের মতো দেবো উড়াল
নতুন নতুন দ্বীপে বাসা বানাবো;
তোমার সাথে দেখা হলে তোমাকে ভালোবাসা দেবো।
আমাদের দেখা হয়নি এখনো;
তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছো হত্যা করতে,
আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি ভালোবাসতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন