আমি এমন একটি কবিতা লিখব তোমার জন্য,
কবিতাটি লেখার পর আর কোনো কবি—
কবিতা লেখার প্রয়োজন বোধ করবে না।
কবিতাটি শেষ করার পর
পৃথিবীর সব কবি বেকার হয়ে যাবে;
তারা হাতে তুলে নেবে মারণাস্ত্র, যোগ দেবে যুদ্ধে,
সংঘাত শুরু হয়ে যাবে পৃথিবীজুড়ে।
কবিতাটি পড়ার পর
সভ্যতা ভুলে যাবে তার অর্জিত সব দম্ভ,
অভিধান থেকে মুছে যাবে পৃথিবীর সকল শব্দ;
শূন্যের ভেতর জন্ম নেবে অলৌকিক বর্ণমালা—
মৌনতা ভাষা হয়ে যাবে, বাচাল হয়ে যাবে চোখ।
কবিতাটি শোনার পর
পরিবর্তন হয়ে যাবে মহাকাশের মানচিত্র;
গতিপথ ছেড়ে তারার জন্ম দেবে ব্ল্যাকহোল,
সময় ফিরে যাবে প্রাগৈতিহাসে।
কবিতাটি লেখার পর
তুমি চিরায়ত প্রেমে পড়ে যাবে আমার;
তারপর আর—
কবিতা লেখার কোনো প্রয়োজন বোধ হবে না।
©রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন