তোমার থেকে সব কিনব—
ফুল কিনব, শখ কিনব,
হাতির দাঁতের নথ কিনব,
চিবুকের তিল, খোঁপার বাঁধন,
চোখের কাজল, বুকের কাঁপন;
কিনব তোমায় উজাড় করে...
বিনিময়ে দুষ্প্রাপ্য কষ্ট পাবে,
পালঙ্ক জুড়ে কলঙ্ক আর বিষাদ-ব্যথা;
একাকীত্বের যন্ত্রণা আর আকুল ঝড়ে—
ভাঙনপাড়ে গজিয়ে ওঠা দুঃখ দেব।
বিষণ্নতার দেনদরবার এবার হবে,
নির্ঘুম চোখ করব নিলাম প্রেম বাজারে।
কতটা আর বিকোবে তুমি?
কতটা আর বিকোতে পারো?
এই যে প্রেমের সওদাগরি—
এবার তুমি শূন্য হবে;
কেনার পরেই ভাসিয়ে দেব শূন্য করে,
দেখব কতটা ভাসতে পারো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন